পড়ার টেবিলে বসে থাকা অবস্থায় স্ট্রোক করে মৃত্যু হয়েছে জীবক চাকমা (২০) নামে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) এক শিক্ষার্থীর।
রোববার (১২ এপ্রিল) সকাল ৯টা ২০মিনিটে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক। জীবক চাকমা বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন।
তিনি রাঙামাটির নানিয়ারচর উপজেলার রামহরি পাড়া এলাকার বাসিন্দা রবিলেন্দু চাকমার সন্তান।
পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদের (জেএসএস–সমর্থিত) বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি ও ইতিহাস বিভাগের স্নাতকোত্তর শিক্ষার্থী অন্বেষ চাকমা জানান, সকালে পড়ার টেবিলে বসে থাকা অবস্থায় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন জীবক চাকমা। পরে দ্রুত তাকে বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে নেওয়া হয়। সেখান থেকে চিকিৎসকের পরামর্শে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারের চিফ মেডিকেল অফিসার ডা. মোহাম্মদ আবু তৈয়ব বলেন, সকাল ৭টা ৪৫ মিনিটের দিকে তাকে মেডিকেল সেন্টারে আনা হয়। তার শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। তাৎক্ষণিকভাবে রোগ নির্ণয় সম্ভব না হওয়ায় অক্সিজেন দিয়ে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর নুরুল হামিদ কানন বলেন, হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে প্রথমে মেডিকেল সেন্টারে নেওয়া হয়। পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ অফিসার আবদুল্লাহ হোসেন জানান, জরুরি বিভাগে নেওয়ার পর সকাল ৯টা ২০ মিনিটের দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, স্ট্রোকজনিত কারণেই তার মৃত্যু হয়েছে। শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি।
আরটিভি/এমএস/এসএইচএম




